আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর ৷৷ রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক হত্যার তীব্র নিন্দা জানিয়ে এবং এই ঘটনার প্রতিবাদে মূখ্যমন্ত্রী মানিক সরকারের পদত্যাগের দাবীতে বৃহস্পতিবার গোটা রাজ্যে বনধ পালন করা হয়েছে। ত্রিপুরা প্রদেশ বিজেপি’র ডাকে রাজ্যে এদিন ১২ ঘন্টার ত্রিপুরা বনধ পালন করা হয়েছে। অপরদিকে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক হত্যার তীব্র নিন্দা জানিয়ে এবং ৬০ দিনের মধ্যে রাজ্যে দু’জন সাংবাদিক হত্যার প্রতিবাদ জানিয়ে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং এন এস ইউ আই একই দিনে ২৪ ঘন্টার ত্রিপুরা বনধের ডাক দিয়েছিল। বৃহস্পতিবার রাজ্যের সর্বত্রই বনধের হাওয়া পরিলক্ষিত হয়। বৃহস্পতিবার সকাল থেকেই বনধ সফল করার জন্য রাজধানীর বিভিন্ন স্থানে পিকেটিং করতে দেখা গেছে বিজেপি এবং কংগ্রেস কর্মী সমর্থকদের। সকালে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় হরতাল সমর্থকরা। বনধের জেড়ে রাজধানী সহ গোটা রাজ্যেই দোকান পাট, বাজার হাট বন্ধ ছিল। রাস্তাঘাট ছিল শুনশান। কিছু কিছু সরকারী অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও উপস্থিতির হার ছিল খুব কম। হরতাল ঘিরে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া রাজ্যের কোথাও বড় কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।যদিও এই বনধকে অনৈতিক বলে আখ্যা দিয়েছে রাজ্যের ক্ষমতাসীন দল। সি পি আই (এম) ত্রিপুরা রাজ্য সম্পাদকমণ্ডলীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বিজেপি’র ডাকা অযৌক্তিক ও বদ-রাজনৈতিক প্রণোদিত ত্রিপুরা বনধ জনগনের স্বতঃস্পুর্ত সমর্থন পেতে ব্যর্থ হয়েছে। অপরদিকে বিজেপি’র পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজেপি’র ডাকা ১২ ঘন্টার ধর্মঘটে রাজ্য জুড়ে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে।
