নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর ।। রাজ্যে কংগ্রেসের ডাকা ১২ ঘন্টার ডাকা ত্রিপুরা বনধের সমর্থনে পিকেটিং করতে গিয়ে মৃত্যুর কুলে ঢলে পড়া কংগ্রেস কর্মী কামেশ্বর সিনহা (৫৫)-র পরিবারের পাশে দাঁড়াল দিল্লী থেকে আসা নারায়নস্বামী। শুক্রবার দুপুর ১২টা ৩০ মিঃ নাগাদ রাজ্যে আসেন তিনি। কংগ্রেস ভবনে এসেই পূর্বনির্ধারিত পিসিসি’র বৈঠকে অংশ নেন। রাজ্যে এসেই তিনি খবর পান দামছড়ার কামেশ্বর সিনহার মৃত্যুর কথা। পিসিসি’র বৈঠক তাড়াতাড়ি শেষ করে বেলা ২টা নাগাদ এ আই সি সি’র সম্পাদক ভূপেন বরা, পিসিসি সভাপতি দিবাচন্দ্র রাংখল, কার্যনির্বাহী সভাপতি আশিস সাহা, বিধায়ক গোপাল চন্দ্র রায়, বিশ্ববন্ধু সেন এবং প্রদ্যোৎ কিশোর দেববর্মণ কে নিয়ে দামছড়া্র উদ্দেশ্যে রওনা হন তিনি। সেখানে গিয়ে মৃত কামেশ্বর সিনহার পরিবারকে পাশে থাকার আশ্বাস দিয়েছেন নারায়নস্বামী। পিসিসি’র পক্ষ থেকে মৃত কংগ্রেস কর্মী কামেশ্বর সিনহার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
