প্রথম মন্ত্রিসভার বৈঠকে কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশন থেকে সাংবাদিক হত্যায় CBI তদন্তের সিদ্ধান্ত

Pressআপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ ৷৷ ত্রিপুরা রাজ্য সরকারের সচিবালয়ে শনিবার অনুষ্ঠিত হয়েছে নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক। প্রতিশ্রুতি পূরণের প্রক্রিয়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এদিনের বৈঠকেই সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিক সন্মেলনে তিনি জানান, সপ্তম বেতন কমিশনের ব্যাপারে একটি বিশেষজ্ঞ কমিটিও গঠন করেছে রাজ্য সরকার। এই কমিটির রিপোর্টের পরই দেওয়া হবে সপ্তম বেতন কমিশন। নতুন সরকারের এই সিদ্ধান্তে খুশি কর্মচারী মহল।
সাংবাদিক সন্মেলনে তিনি জানান, আগরতলা বিমানবন্দরের নয়া নামকরণ করা হচ্ছে। মহারাজ বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে আগরতলা বিমানবন্দরের নামকরণ করা হচ্ছে। নির্বাচনের আগে এই ব্যাপারেও প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার।
পাশাপাশি প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যের দু’জন সাংবাদিক হত্যার তদন্তের দায়িত্ব সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরার বিজেপি সরকার। শনিবার মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেছেন, এই ব্যাপারে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাজ্যের সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*