আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ ৷৷ রাজধানী আগরতলায় প্রচুর পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার। ঘটনা আগরতলার নাগেরজলা মোটরস্টেন্ডে। জানা যায়, সোমবার এলাকাবাসীর সহযোগিতায় নাগেরজলা মোটরস্টেন্ডের বামপন্থী শ্রমিক সংগঠন সি আই টি ইউ-র বন্ধ অফিস ঘরের দরজার তালা ভেঙে এই ধারালো অস্ত্র গুলি উদ্ধার করেছে পুলিশ। ধারালো অস্ত্রগুলোর মধ্যে দা, বল্লম, তরবারি সহ মাঝারি আকারের ইট ও পাথরের টুকরো রয়েছে বলে জানিয়েছে পুলিশ।স্থানীয় বিধায়ক রামপ্রসাদ পাল অভিযোগ করে বলেন, সি আই টি ইউ-র সদস্যরা অস্ত্রগুলো সাধারণ মানুষের ওপর অত্যাচারে জন্য মজুত রেখেছে। যারা অস্ত্রগুলো মজুদ করেছিলো তাদের খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে তিনি। অপরদিকে সি আই টি ইউ-র ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজেপি আশ্রিতরা ষড়যন্ত্র করছে। বামপন্থি শ্রমিক নেতাদের উপর মিথ্যা অভিযোগ এনেছে। এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানিয়েছে ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন।
এই অভিযানে নেতৃত্ব দেন আমতলী এলাকার এস ডি পি ও সুদীপ পাল, এ ডি নগর থানার ওসি আলমগীর হোসেন সহ বিশাল পুলিশ এবং টি এস আর বাহিনীর সদস্যরা।
