আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ ৷৷ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল ১৯-চড়িলাম (এস টি) বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন। রাজ্যের ঐতিহ্য অনুযায়ী ভোটারগণ সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে পড়েন। সব বয়সের ভোটার সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে অত্যন্ত শৃঙ্খলাভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। সোমবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ১৯-চড়িলাম (এস টি) বিধানসভা কেন্দ্রে ৪০টি ভোট কেন্দ্রে মোট ৩৬ হাজার ৮৪০ জন ভোটার রয়েছে। নির্বাচন দফতরের দেওয়া তথ্য অনুসারে ভোট পড়েছে ৮১ দশমিক ২১ শতাংশ।উল্লেখ্য, ১৯-চড়িলাম (এস টি) বিধানসভা কেন্দ্রের সি পি আই (এম) প্রার্থীর মৃত্যুর জেরে ওই কেন্দ্রে ভোট পিছিয়ে গিয়েছিল। পরে সি পি আই (এম) প্রার্থী করা হয়েছিল পলাশ দেববর্মাকে। কিন্তু সম্প্রতি সি পি আই (এম) তাদের প্রার্থী প্রত্যাহার করে নেন। ফলে সোমবার ভোট হয় রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী যিষ্ণু দেববর্মা, কংগ্রেস প্রার্থী অর্জন দেববর্মা, আই এন পি টি প্রার্থী উমাশঙ্কর দেববর্মা এবং নির্দল প্রার্থী জ্যোতিলাল দেববর্মাকে নিয়ে।
