আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ ৷৷ রাজ্যের প্রত্যন্ত এলাকা গন্ডাছড়ার ধনুরাম পাড়া সফর করেন মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পরে গন্ডাছড়ার মহকুমা শাসকের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ জেলা ভিত্তিক পর্যালোচনা সভা করেন মূখ্যমন্ত্রী। মঙ্গলবার দুপুরে ফিসারী কমপ্লেক্স হেলিপ্যাডে মূখ্যমন্ত্রীকে স্বাগত জানান নবনির্বাচিত বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা, জেলা শাসক বিকাশ সিং সহ জেলার পদস্থ আধিকারিকগণ। সেখান থেকে ধনুরাম পাড়া সফরে গিয়ে ধনুরাম পাড়ায় স্বচ্ছ ভারত অভিযানের অর্থে নির্মিত শৌচালয়, অঙ্গনোয়াড়ি কেন্দ্র, রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল, উপজাতি কল্যাণ, স্বাস্থ্য, প্রধানমন্ত্রী আবাস যোজনা সুহ শিক্ষা ব্যবস্থার বিস্তারিত খোঁজ খবর নেন। গ্রামবাসীরা মূখ্যমন্ত্রীকে তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার বিষয়ে অবহিত করেন। ধনুরাম পাড়াতে অবিলম্বে পানীয় জল, বিদ্যুৎ সহ বিভিন্ন পরিষেবা প্রদানের আশ্বাস পেয়ে খুশি গ্রামবাসীরা। ধনুরাম পাড়াতে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন মূখ্যমন্ত্রী।ধনুরাম পাড়া সফর শেষে বিকেলে স্থানীয় মহকুমা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত ধলাই জেলা ভিত্তিক পর্যালোচনা সভাতে অংশ নেন তিনি। সভাতে মূখ্যমন্ত্রী বলেন, অতীতের দৃষ্টিভঙ্গি ভুলে গিয়ে সময়ের কাজ সময়ে শেষ করে সমৃদ্ধ ত্রিপুরা গড়তে হবে। কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প সহ সমস্ত কাজ ও সেবা নিষ্ঠার সাথে পালন করতে হবে। মূখ্যমন্ত্রী বলেন, সকলকে সাথে নিয়ে সকলের বিকাশ ঘটাতে হবে।
