সাংবাদিক হত্যাকান্ড সহ চিটফান্ড মামলা সিবিআই’কে দিতে কেন্দ্রের নিকট প্রস্তাব পাঠালেন মূখ্যমন্ত্রী

cmআপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল ৷৷ ফের দিল্লী সফরে গেলেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বৃহস্পতিবার রাতের বিমানে দিল্লী গিয়েছেন তিনি। সফরকালে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান সচিব নৃপেন্দ্র মিশ্রার সাথে দিল্লীতে বৈঠক করেন মূখ্যমন্ত্রী। ত্রিপুরার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বিষয়ে উনার সাথে বিস্তারিত আলোচনা করেন মূখ্যমন্ত্রী। এই বৈঠকে ত্রিপুরায় দ্রুত উন্নয়নের ব্যাপারে কেন্দ্রের সহায়তা ও ত্রিপুরাকে বিশেষ ভাবে নজর দেওয়ার ব্যাপারেও বিস্তারিত আলোচনা হয়। মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রীর প্রধান সচিব নৃপেন্দ্র মিশ্রার সাথে বৈঠকে কেন্দ্রের নিকট অতিরিক্ত আর্থিক সাহায্য চেয়েছেন।
রাজ্যে বর্তমানে ১২,২২২টি শিক্ষক পদ খালি রয়েছে। এই শিক্ষক পদ গুলি পূরণের জন্য NCTE অনুমোদিত একাডেমিক ও পেশাদারী যোগ্যতাসম্পন্ন গাইড লাইনের উপর এককালীন অব্যাহতি দেওয়ার জন্য কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নিকট আবারও অনুরোধ করেন মূখ্যমন্ত্রী। পাশাপাশি সাংবাদিক শান্তনু ভৌমিক ও সুদীপ দত্ত ভৌমিক হত্যাকান্ডের তদন্ত সিবিআই’কে দিতে কেন্দ্রের নিকট প্রস্তাব পাঠিয়েছেন মূখ্যমন্ত্রী। রাজ্যের চিটফান্ড সম্পর্কিত ৬৩টি কেইস সিবিআই’র হাতে তুলে দেওয়ার ব্যাপারেও বৈঠকে কথা হয়। বৈঠকে মূখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার অর্থনীতি কৃষি নির্ভর। এখানকার ৫০ শতাংশ জনগণ কৃষির উপর নির্ভরশীল। তাই ত্রিপুরায় একটি কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবী জানান মূখ্যমন্ত্রী ।
এছাড়াও ত্রিপুরায় একটি AIIMS ন্যায় প্রতিষ্ঠান গড়ে তোলার ব্যাপারে জোরালো দাবী জানান মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মূখ্যমন্ত্রী বলেন, এটি প্রতিষ্ঠিত হলে গরীব রোগীদের আর কষ্টার্জিত জমানো অর্থ খরচ করে চিকিৎসার জন্য বাইরে যেতে হবেনা, আর পার্শ্ববর্তী রাজ্য আসামের দক্ষিণ প্রান্ত ও মিজোরামের মানুষও এতে উপকৃত হবে। তাছাড়া বাংলাদেশের মানুষও এখানে চিকিৎসার জন্য আসলে রাজ্য তাতে আর্থিকভাবে লাভবান হবে। এদিন দিল্লীতে রাজ্যের উন্নয়ন সম্পর্কিত আরো আনেক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর প্রধান সচিবের সাথে আলোচনা করেন মূখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রধান সচিব আশ্বস্ত করে বলেন এই বিষয়গুলি পর্যালোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সাথেও সাক্ষাৎ করেন মূখ্যমন্ত্রী।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*