গুনগত শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের আপোস নয়, আইন মেনেই করা হবে নিয়োগ – শিক্ষামন্ত্রী

EMআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল ৷৷ বর্তমান রাজ্যসরকার কোনও মতেই গুনগত শিক্ষার সঙ্গে কোনো ধরনের আপোস করবে না। বুধবার মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্ত হওয়ার কোন কারণ নেই। সংবিধান ও আইন মেনেই নিয়োগ করা হবে। তিনি বলেন, এন সি ই টি-র গাইড লাইন অনুযায়ী প্রয়োজনে অসুবিধাজনক পরিস্থিতি মনে করলে রাজ্য সরকার এককালীন ছাড় চাইতে পারে। ছাড় যদি দেওয়া হয় তবুও টেটের মাধ্যমেই নিয়োগ হবে বলে জানান শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে রাজ্যে শিক্ষকের শূন্যপদ রয়েছে ১২ হাজার ২২২টি। এই বিশাল সংখ্যক শূন্যপদ পূরণের জন্য টিচার রিক্রুটমেন্ট বোর্ডকে বলা হয়েছে। এই ১২ হাজার ২২২টি শূন্যপদের মধ্যে আন্ডার গ্রেজুয়েট শিক্ষক চাওয়া হয়েছে ৬২৭৬টি, গ্রেজুয়েট (এলিমেন্টারি স্টেজে) শিক্ষক চাওয়া হয়েছে ১৩৫২টি, গ্রেজুয়েট (সেকেন্ডারি স্টেজে) শিক্ষক চাওয়া হয়েছে ৪০৩৪টি এবং স্নাতকোত্তর শিক্ষক চাওয়া হয়েছে ৫৬০টি।
উল্লেখ্য, বুধবার যোগ্য শিক্ষক নিয়োগের দাবিতে মহাকরণের সামনে ধর্নায় বসেছিল রাজ্যের বিভিন্ন কলেজের শিক্ষক প্রশিক্ষণরত (বিএডি) পড়ুয়ারা এবং প্রশিক্ষণপ্রাপ্ত বেকাররা। তাদের অভিযোগ,ক্ষমতায় আসার আগে শিক্ষা ও স্বাস্থ্যসেবার গুণগত মানের সঙ্গে কোনো আপোষ করবে বলে কথা দিয়েছিল বিজেপি। কিন্তু ক্ষমতায় আসার পর এ প্রতিশ্রুতি রক্ষা করছে না। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিছু কিছু বিষয়ে ছাড় দিচ্ছে। ফলে অনেক অযোগ্য লোক শিক্ষকতার মতো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেতে চলেছেন। সেই পরিপ্রেক্ষিতেই সাংবাদিক সন্মেলন করে বিভ্রান্তিতে কান না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*