জাতীয় ডেস্ক, দিল্লী, ২০ জুলাই ৷৷ প্রয়াত হলেন দিল্লীর প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। জানা যাচ্ছে, ২০১২ সাল থেকে হার্ট সমস্যায় ভুগছিলেন তিনি। বছর দুয়েক আগে বড়সড় অস্ত্রোপচারও হয় তাঁর। শুক্রবার, হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির একটি বেসরকারি হাসাপাতালে ভর্তি হয়েছিলেন। শনিবার বিকেলে প্রয়াত হন তিনি। অবিভক্ত ভারতের পঞ্জাবে ১৯৩৮ সালে জন্ম গ্রহণ করেছিলেন তিনি। পড়াশোনা দিল্লির কনভেন্ট অব জেসাস অ্যান্ড ম্যারি স্কুলে। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক। বর্তমানে দিল্লি কংগ্রেসের সভাপতি ছিলেন বর্ষীয়ান এই নেত্রী। দিল্লির সবচেয়ে বেশি সময়ের মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর নজির রয়েছে। জানা যায়, বর্ষীয়ান এই নেত্রী ২০১৪ সালে কেরলের গর্ভনর হন।তাঁর মৃত্যুতে টুইটে শোকবার্তা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি তাঁর শোকবার্তায় জানান, শীলা দীক্ষিতের সময় দিল্লি অভূতপূর্ব পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে, যা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপচারিতার একটি ছবি দিয়ে জানান, দিল্লির উন্নয়নে তাঁর ভূমিকা অনস্বীকার্য।
