দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৩ ডিসেম্বর ।। ঈশ্বরের দূত ভগবান যীশুর পূন্য জন্মতিথি পালনের পূন্য ক্ষন সমাগত প্রায়। রাজ্যজুড়ে খ্রীষ্টধর্মাবলম্বীরা ভগবান যীশুর জন্মদিন সাড়ম্বরে পালনের প্রস্তুতির শেষ লগ্নে ব্যস্ততার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন। প্রতিবছরের মত এবছরেও ভগবান যীশুর জন্মতিথি পালনের আয়োজন নিয়ে শহরের বেশ কিছু দোকান নতুন সাজে সজ্জিত হয়ে পসরা নিয়ে খদ্দেরের অপেক্ষায়। সান্টাক্লজ, X-Mass ট্রী, রং বেরঙের স্টার শোভা পাচ্ছে দোকান গুলোতে। মাঝখানে রয়ে গেছে কয়েক ঘন্টার অপেক্ষা তারপরেই খ্রীষ্ট ধর্মের ধর্মপ্রান ভক্তরা মেতে উঠবেন আনন্দ উচ্ছাসে। X-Mass নিয়ে দোকানীরা বলছেন মূল্য বৃদ্ধির পরশ লেগেছে সান্টাক্লজের গায়ে, সব জিনিষেরই গড়পরতা ১০ শতাংশ মূল্যবৃদ্ধি হয়েছে। মূল্য বৃদ্ধি ঘটলেও যীশু ভক্তদের আয়োজন সংগ্রহের উৎসাহে খামতি নেই।
