আসাম, ২৪ ডিসেম্বর ।। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ আসামের সনিতপুর ও কোকরাঝাড় জেলায় জঙ্গি হামলায় অন্তত ৫৫ জন নিহত হবার খবর পাওয়া গেছে। এই সংখ্যা আরো বাড়তে পারে। কোকড়াঝড় ও সনিতপুর জেলায় মঙ্গলবার সন্ধ্যায় সংঘটিত ওই ঘটনায় রাজ্যজুড়ে রেড এ্যালার্ট জারি করা হয়েছে।
বুধবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আসামের কয়েকটি স্থানে সংগঠিত হামলা চালানো হয়। বোড়ো জঙ্গিরা এ হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। হামলায় ২০ শিশুসহ অন্তত ৫৫ জন নিহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, পাঁচটি স্থানে একে-৪৭ রাইফেল দিয়ে নারী, শিশু ও পুরুষদের ওপর নির্বিচারে গুলি চালায় হামলাকারীরা। হতাহতরা স্থানীয় উপজাতীয় সম্প্রদায়ের সদস্য। ঐতিহ্যগতভাবে চা বাগানে কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন তারা।
ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অফ বোড়োল্যান্ড বা এনডিএফবি দাবি করেছে, তারা আদিবাসী বোড়ো জনগোষ্ঠীর অধিকারের জন্য লড়াই করছে। এর আগে তারা আসামের মুসলিম জনগোষ্ঠী ও অন্যান্য জাতিগোষ্ঠীর ওপরও হামলা চালিয়েছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ হামলাকে কাপুরুষোচিত অভিহিত করে এর নিন্দা জানিয়েছেন। হামলার পর রেড অ্যালার্ট জারি করা হয়েছে পুরো আসাম প্রদেশে।
এ ঘটনার পরপরই এক টুইট বার্তায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এটিকে ‘কাপুরুষোচিত আচরণ’ বলে অভিহিত করেছেন। ওই দিনই তিনি আসামের মুখ্যমন্ত্রী তরণ গগৈ’র সঙ্গে কথা বলেন।
হামলার জন্য ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অব বোড়োল্যান্ড (এনডিএফবি) জঙ্গিদের সন্দেহ করছে পুলিশ। তবে সংগঠনটির পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়নি। – এনডিটিভির।
