চীনের একটি বিশ্ববিদ্যালয়ে ক্রিসমাস উদযাপনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে সেখানকার কর্তৃপক্ষ। বৃহস্পতিবার চীনের সরকারি পত্রিকা বেইজিং নিউজ এ খবর প্রকাশ করে।
দেশীয় ঐতিহ্যের সঙ্গে বেমানান উল্লেখ করে উত্তর-পশ্চিম চীনের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
প্রতিবেদনে বলা হয়, শিয়ান অঞ্চলের মডার্ন কলেজ অব নর্থওয়েস্ট ইউনিভার্সিটির ক্যাম্পাস জুড়ে টাঙ্গানো বিভিন্ন ব্যানারে লেখা হয়, চীনের শ্রেষ্ঠ সন্তানরা পশ্চিমা ছুটির বিরুদ্ধে রুখে দাঁড়াও। পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন প্রতিহত করো।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কমিউনিস্ট পার্টির প্রচারণামূলক বিভিন্ন সিনেমা দেখতে বাধ্য করা হয়। এধরনের ছবি না দেখলে শাস্তির সম্মুখীন হতে হয় বলে জানায় একজন ছাত্র।
বিশ্ববিদ্যালয়ের কমিউনিস্ট পার্টি কমিটির অফিসিয়াল মাইক্রোব্লগে পোস্ট করা একটি লেখায়, শিক্ষার্থীদের বিদেশিদের সামনে নত হতে নিষেধ করা হয় এবং ঐতিহ্যবাহী চীনা উৎসব বিশেষ করে বসন্ত উৎসবের প্রতি মনোযোগ দেয়ার আহবান জানানো হয়।
মাইক্রোব্লগে লেখা হয়, সাম্প্রতিক বছরগুলোতে অনেক বেশি চীনা নাগরিক পশ্চিমা উৎসবের সঙ্গে একাত্ম হচ্ছেন। তাদের দৃষ্টিতে পশ্চিমা দেশগুলো চীনের চেয়ে উন্নত তাই তাদের উৎসব ও সুন্দর। আর চীনের উৎসবগুলো সব প্রাচীন যুগের।
উল্লেখ্য, চীনে ক্রিসমাস কোনো ঐতিহ্যবাহী উৎসব নয়। কিন্ত শহরাঞ্চলের তরুণদের মধ্যে ক্রমান্বয়ে ক্রিসমাসের জনপ্রিয়তা বাড়ছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
