আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর ৷। রাজ্যে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর থাবা সরাসরি না পরলেও জনজিবনে তার ব্যপক প্রভাব পরেছে। ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে রাজ্যে ঝিরিঝিরি বৃষ্টিপাত হচ্ছে। রাজ্যে শনিবার থেকে শুরু হওয়া ঝিরিঝিরি বৃষ্টি রোববারও অব্যাহত রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায়, সোমবার বৃষ্টিপাত কিছুটা কমলেও আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। ‘বুলবুল’ এর প্রভাবে এই বৃষ্টিপাতে রাজ্যের জনসাধারণের স্বাভাবিক চলাফেরা বাধাগ্রস্ত হচ্ছে। জানা যায়, বুলবুলের কারণে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর সঙ্গে আকাশপথে যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। তাছাড়া অনেক বিমানের সময় সূচী বিলম্বিত হচ্ছে।ত্রিপুরা রাজ্যে এর প্রভাব কম হলেও পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর ব্যপক প্রভাব পরেছে। জানা গেছে, এখনো পর্যন্ত ‘বুলবুল’ এর কারনে ৫ জনের মৃত্যু হয়েছে। জানা যায়, প্রবল বেগে ঝড় বইছে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এলাকায়। ইতিমধ্যেই অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে বাড়ি, চাল উড়ে গিয়েছে। গাছও ভেঙে পড়েছে কয়েকটি জায়গায় বলে জানা যায়।
