আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ আগষ্ট ৷। করোনা রোগীদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য রাজধানীর ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টারের সমস্ত করোনা রোগীদের ফল এবং পুষ্টিকর খাদ্য প্রদান করেন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বর্তমান বিধায়ক সুদীপ রায় বর্মণ। রবিবার সমস্ত স্বাস্থ্যবিধি মেনে এবং পিপিই কিট পরিধান করে নিজের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টারে গিয়ে আক্রান্ত রোগীদের সাথে সাক্ষাৎ করে কথা বলেন তিনি। পাশাপাশি তিনি সমস্ত রোগীদের দ্রুত আরোগ্য কামনা করেন।এদিন তিনি রোগীদের সাথে সাক্ষাৎ করে পরে ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টারের বাথরুম সহ যাবতীয়ত ব্যবস্থাপনা খতিয়ে দেখেন। পরবর্তীতে এই কোভিড কেয়ার সেন্টারের স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে বৈঠক করেন।
উল্লেখ্য, শনিবার রাজধানীর ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টারে চিকিৎসাধীন এক গর্ভবতী মহিলা ফেসবুক লাইভে সেন্টারটির অব্যবস্থাপনা সহ অপরিচ্ছন্নতার চিত্র তুলে ধরেন। মুহূর্তের মধ্যেই এটি ভাইরাল হয়ে যায়। এরপরই রবিবার ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টার পরিদর্শনে যান রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বর্তমান বিধায়ক সুদীপ রায় বর্মণ।
