সাগর দেব, তেলিয়ামুড়া, ১৪ জুন || ইচ্ছে থাকলে আর কোন কিছু করার অভিপ্রায় থাকলে অনেক কিছু করার মাধ্যমে সমাজে নিদর্শন স্থাপন করা যায়। ঠিক তেমনি অনেকের সামনে নতুন ভাবে পথচলার রাস্তার সন্ধান করে দেওয়া যায়। বলছিলাম কল্যাণপুর ব্লকের অন্তর্গত ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা উদ্যমী শিক্ষক গোপেন্দ্র দেবনাথ এর কথা। তিনি একজন শিক্ষক। এলাকায় বরাবরই বিভিন্ন প্রকারের ব্যতিক্রমী কাজের জন্য একটা সুনাম রয়েছে। বিগত বছর থেকে ইনি শুরু করেছেন উনার নিজ বাসভবনে পরীক্ষামূলকভাবে আঙ্গুর ফলের চাষ। উদ্দেশ্য একটাই, পরীক্ষা করে দেখা কৃষিনির্ভর এই এলাকায় বিকল্প কোন চাষ করা যায় কিনা। কোন প্রকারের সয়েল টেস্টিং ছাড়া, কোন প্রকারের ঔষধ, রাসায়নিক সারের প্রয়োগ ছাড়া গত বছরও একটা আঙ্গুর ফল গাছ লাগিয়ে ভালো ফলন পেয়েছিলেন এবং এবারও ওই গাছ থেকেই ভালো ফলন পেয়েছেন। এই ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ একটা বিষয়ের সংবাদ যখন এই প্রতিবেদকের কাছে এসে পৌঁছয়, তখন প্রতিবেদক সরাসরি উনার সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করার পর জানা যায়, শুধুমাত্র অল্প কিছু দেখভাল করার মাধ্যমেই ভালো পরিমাণের আঙ্গুর ফল চাষ হয়েছে। উনার মতে এবছর একটা গাছ থেকেই কেজি দশকের উপর আঙ্গুর ফল উৎপাদন হয়েছে, বিগত বছর একই রকম ফলন হয়েছিল। গোপেন্দ্র বাবুর অকপট মত যদি এলাকার মধ্যে উৎসাহী যুবকরা এ ব্যাপারে এগিয়ে যেতে চান সাধ্যমত সাহায্য করবেন, পথ দেখাবেন।
সেই সাথে তিনি এটাও বললেন, দপ্তরের সাহায্যের বিশেষ প্রয়োজন। অর্থাৎ কৃষিনির্ভর ঘিলাতলী এলাকা যেখানটায় আলু চাষ, কাঁকরোল চাষ, ঝিঙ্গা, চিচিঙ্গা বিভিন্ন প্রকার চাষ হয় প্রতিনিয়ত, এখানে বানিজ্যিক ভাবেও আংগুর চাষ করা যেতে পারে। একজন উদ্যমী শিক্ষকের এহেন উদ্যোগ ত্রিপুরার মধ্যে আঙ্গুর ফলের মতো দামি ফল চাষ করে বিকল্প আয়ের উৎস হিসেবে পরিগনিত হতে পারে। এই বিষয়টা পরীক্ষামুলকভাবে গোপেন্দ্র দেবনাথ নিজ উঠানে করে সফল হয়েছেন। আমরা চাইছি এই বিষয়টাকে নিয়ে যদি দপ্তর পরীক্ষামূলক ভাবে এগিয়ে যায় তবে রাজ্যের মধ্যে নতুন দিগন্তের উন্মোচন হতে পারে। আমাদের রাজ্য সরকার বিভিন্নভাবে চাষবাসে নতুন দিগন্ত উন্মোচন করছে। বিকল্প এবং ভিন্ন ধর্মী চাষাবাদকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও নানাভাবে উৎসাহিত করছেন। এই ক্ষেত্রে এই আঙ্গুর চাষের বিষয়টা নিয়ে যদি পরিকল্পিত উদ্যেগ গ্রহন করা যায় তাহলে হয়তোবা নতুন দিগন্তের উন্মোচন হতেই পারে। সে যাই হোক, তবে ঘিলাতলীতে এই মুহূর্তে আঙ্গুর ফল চাষ করে বেশ সাড়া ফেলে দিয়েছেন শিক্ষক গোপেন্দ্র দেবনাথ।
