আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর || প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার তৃতীয় বর্ষ পূর্তিতে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বড় মাত্রায় সুবিধাভোগীরা এই প্রকল্পের সুফল পাচ্ছেন। তিনি বলেন, এই প্রথম বারের মত রাজ্যে টেলিকনফারেন্সের মাধ্যমে চিকিৎসা পরিষেবা প্রদানের মতো উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যার মাধ্যমে রাজ্যের প্রত্যন্ত অঞ্চল থেকেও যে কোন লোক ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসক থেকে পরিষেবা পাবে। মুখ্যমন্ত্রী বলেন, সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে রূপরেখা তৈরী ও পরিকল্পনা স্থির করে, কিভাবে আরও অধিক সংখ্যায় মানুষের মধ্যে এই প্রকল্পের সুযোগ পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যে রাজ্যে মিশন মুডে কাজ চলছে। বিশেষ করে আর্থিক অস্বচ্ছল পরিবারের কাছে স্বাস্থ্য পরিষেবার সমস্ত সুযোগ পৌঁছে দিতে রাজ্য সরকার আন্তরিক। স্বাস্থ্য ক্ষেত্রের উন্নয়নের পাশাপাশি এই ক্ষেত্রের স্থায়ী সমাধানের লক্ষ্যে একাধিক পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। স্বাস্থ্য পরিষেবায় বিশেষ অবদানের জন্য বেশ কয়েকজনকে সম্মানিত করা হয়। প্রাণের ঝুঁকি নিয়ে কোভিড পরিষেবা দিতে গিয়ে আত্ম বলিদানে মানবতার অনন্য নজির তৈরী করেছেন আশা কর্মী উমা দে ও টিএমসি’র ল্যাব ট্যাকনিশিয়ান অনিন্দ্য দালাল। তাদের কর্মনিষ্ঠা ও স্মৃতি প্রতি সম্মান স্বরূপ, তাদের প্রতিবারের সদস্যদের সম্মাননা জ্ঞাপণ করা হয়। তাদের এই আত্মত্যাগ, প্রতিটি নাগরিকের হৃদয় গহীনে চির সংরক্ষীত থাকবে বলে আশা ব্যাক্ত করেন।
