গোপাল সিং, খোয়াই, ২৬ অক্টোবর || উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে আন্দোলনরত কৃষকদের হত্যার ঘটনায় জড়িত কেন্দ্রীয় মন্ত্রীর অপসারণ করার দাবীতে ও দিল্লীর চলমান কৃষক আন্দোলনের দ্বাদশতম বর্ষে পদার্পণ করার উদযাপনের সর্বভারতীয় কর্মসূচীর অংগ হিসেবে মংগলবার খোয়াইয়েও কিষাণ সংঘর্ষ সমন্বয় সমিতির কৃষক বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। এদিন বেলা বারোটায় জেলা শহরের কবিগুরু পার্কে কয়েকশত কৃষক ও কৃষিজীবী নারী পুরুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে বিক্ষোভ কর্মসূচীতে অংশ নেন। হাতে হাতে লাল পতাকা নিয়ে মানুষ কর্মসূচীতে সামিল হন।এখানে বক্তব্য রাখেন কৃষক সভার জেলা সভাপতি আলয় রায় ও জি এম পি-র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রঞ্জিৎ দেববর্মা। সভাপতি ছিলেন কৃষক নেতা সুখেন্দু বিকাশ দে। কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে সামিল ছিলেন গণ আন্দোলনের নেতা পদ্ম কুমার দেববর্মা, শ্রমিক নেতা নির্মল বিশ্বাস, কৃষক নেতা বিদ্যুৎ ভট্টাচার্য, মনোজ দাস, ক্ষেতমজুর নেতা নন্দলাল গোপ, নারীনেত্রী শুক্লা সেনগুপ্তা প্রমুখ।
