গোপাল সিং, খোয়াই, ০৮ নভেম্বর || রবিবার খোয়াইয়ে সিপিআই(এম)’র উদ্যোগে ১০৫তম মহান নভেম্বর বিপ্লব দিবস উদযাপন করা হয়েছে। পার্টির জেলা কার্য্যালয়ে লেনিনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিপিআই(এম)’র জেলা সম্পাদক রঞ্জিৎ দেববর্মা, মহকুমা সম্পাদক পদ্ম কুমার দেববর্মা, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নির্মল বিশ্বাস, পার্টিনেতা বিদ্যুৎ ভট্টাচার্য, শুক্লা সেনগুপ্তা ও বিদ্যুৎ ভট্টাচার্য্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে পার্টি অফিসের হল ঘরে আয়োজিত হয় হল সভা। এতে আলয় রায় ছিলেন সভাপতি। হল সভার বিষয় ছিল “বর্তমান সময়ের আলোকে নভেম্বর বিপ্লব”। আলোচনা করেন সিপিআই(এম)’র জেলা সম্পাদক রঞ্জিৎ দেববর্মা, মহকুমা সম্পাদক পদ্ম কুমার দেববর্মা ও পার্টিনেতা প্রদীপ সরকার। নেতৃবৃন্দ বক্তব্য রাখতে গিয়ে শোষণহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে আরো ব্যাপক অংশের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। আরো বৃহত্তর অংশের মানুষের সাথে নিবিড় গণ সংযোগ গড়ে তোলার আহ্বান জানান নেতৃবৃন্দ। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে গতি সঞ্চারের ওপর জোর দেন বক্তারা। এদিন নভেম্বর বিপ্লব দিবস উদযাপন কর্মসূচীর অঙ্গ হিসেবে ডেইলি দেশের কথার বিশেষ ক্রোড়পত্রের অতিরিক্ত সংখ্যা হকিং করে বিক্রী করা হয়।
