সাগর দেব, তেলিয়ামুড়া, ২৪ জানুয়ারি || পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে ১৯ বছর বয়সী এক গৃহবধূ নিজ শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করে। ঘটনা সোমবার সাতসকালে তেলিয়ামুড়া থানাধীন ডিএম কলোনি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, ডিএম কলোনি এলাকার বাসিন্দা মিলন মন্ডলের মেয়ের সামাজিকভাবে বিয়ে হয় আমবাসা রেল স্টেশন সংলগ্ন সুকান্ত সরকারের সাথে। বিয়ের তিন মাসের মধ্যেই দু’জমের মধ্যে পারিবারিক ঝামেলা শুরু হয়। অভিযোগ সুকান্ত তার স্ত্রীকে নিত্যদিন মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করত। এই অবস্থায় গৃহবধূ তার তেলিয়ামুড়া ডিএম কলোনিস্থিত মায়ের বাড়িতে চলে আসে। অভিযোগ মূলে জানা যায়, ১৯ বছর বয়সী গৃহবধূ সুনিতা মন্ডল সোমবার সাত সকালে নিজ শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করে। ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অগ্নিদগ্ধ গৃহবধূকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক অগ্নিদগ্ধ গৃহবধূকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ হাসপাতালে এসে ঘটনা সম্পর্কে অবগত হয়ে মৃত গৃহবধূর স্বামী সুকান্ত সরকারকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করে থানায় নিয়ে যায়।
