১১ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত প্রাণী স্বাস্থ্য এবং গো প্রজনন উপকেন্দ্রের উদ্বোধন

সাগর দেব, তেলিয়ামুড়া, ০৯ ফেব্রুয়ারী || দীর্ঘদিনের দাবি পূরণ হল ঘিলাতলীবাসীর। এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রাণিসম্পদ দপ্তরের ব্যবস্থাপনায় ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ড এলাকাতে উদ্বোধন হলো প্রাণী স্বাস্থ্য এবং গো প্রজনন উপকেন্দ্রের। নবনির্মিত এই উপকেন্দ্রের পাকা ভবনের উদ্বোধন করলেন স্থানীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন কল্যাণপুর ব্লকের আতমা গ্রুপের চেয়ারম্যান জীবন দেবনাথ, স্থানীয় প্রধান আরতি বালা বিশ্বাস, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রাজিব পাল সহ অন্যান্যরা।
উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বিধায়ক পিনাকি দাস চৌধুরী বলেন, এই গো প্রজনন উপকেন্দ্রের মাধ্যমে অত্র এলাকার সাধারণ মানুষের আর্থসামাজিক ব্যবস্থার চেহারা পাল্টে যাবে। পাশাপাশি তিনি এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিভিন্ন ভাবে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নিরন্তর ভূমিকা পালন করে চলেছে বলে উনার আলোচনায় উল্লেখ করেন। আলোচনার একটা পর্যায়ে তিনি ক্ষোভের সাথে বলেন কমিউনিস্টরা দীর্ঘ ২৫ বছর শাসন করলেও শুধু চাঁদাবাজি আর সংগঠনের নামে মিছিল মিটিং নিয়েই ব্যস্ত ছিল, কিন্তু মানুষের আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়ন করতে কমিউনিস্টরা কখনোই আগ্রহী ছিলেন না বলে এদিন উল্লেখ করেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী।
শ্রী চৌধুরী ছাড়াও দপ্তরের আধিকারিক সহ অন্যান্য বক্তারা আলোচনা করতে গিয়ে এই প্রাণী পালন সহায়ক চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন এর মাধ্যমে অত্র এলাকার সাধারণ মানুষের আর্থসামাজিক ব্যবস্থার মান পাল্টে যাবে বলে অভিমত ব্যক্ত করেন।
এর পরবর্তী সময়ে বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ অন্যান্য অতিথিরা ফিতা কেটে নবনির্মিত হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করে বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং অত্যন্ত ভালো মানের বলে সন্তুষ্টি প্রকাশ করেন। এই উদ্বোধনী অনুষ্ঠান চত্বরে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া পরিলক্ষিত হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*