গোপাল সিং, খোয়াই, ০৪ মার্চ || শিক্ষায় বেসরকারীকরণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ জানিয়ে শুক্রবার খোয়াইয়ে শ্লোগান সোচ্চার গর্জমান মিছিল বের হয় এস এফ আই’র উদ্যোগে। চার বছরে খোয়াইয়ে এদিনই এস এফ আই’র উদ্যোগে প্রথমবারের মতো প্রকাশ্য কোন কর্মসূচী হলো। এদিন সকাল সাড়ে দশটায় শহরের কবিগুরু পার্কের রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে হাতে হাতে স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের তারকাখচিত পতাকা নিয়ে মিছিল বের হয়ে অরবিন্দ পার্ক, গয়াপ্রসাদ পার্ক, থানা কর্ণার অতিক্রম করে মহারাজগঞ্জ বাজার পরিক্রমা করে আবার একই রাস্তা ধরে পুণরায় কবিগুরু পার্কে রবীন্দ্র মূর্তির পাদদেশে এসে মিছিলের পরিসমাপ্তি ঘটে।
মিছিল থেকে আওয়াজ উঠে, শিক্ষার বেসরকারীকরণের সিদ্বান্ত জোট সরকার বাতিল কর, শিক্ষার বেসরকারীকরণের সিদ্বান্ত থেকে জোট সরকার সরে আসো, গুণগত শিক্ষার বুলি আওড়ে শিক্ষাকে বেসরকারীকরণের আওতায় তূলে দেওয়া মানছি না, মানবো না।
এদিনের মিছিল শেষে কবিগুরু পার্কে হয় পথসভা। সংগঠনের বিভাগীয় সভাপতি প্রিয়তোষ দেবের সভাপতিত্বে সভায় বক্তা ছিলেন এস এফ আই’র বিভাগীয় সম্পাদক নারায়ন নমঃ দাস।
