আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ মে || মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলিত করে ত্রিপুরা পাম্প অপারেটর সংঘের ‘দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন’-এর শুভ সূচনা করেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বৃহস্পতিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১নং প্রেক্ষাগৃহে এই সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সোসাইটি ফর ম্যানেজমেন্ট অফ কালচারেল কমপ্লেক্স’র চেয়ারম্যান কমল দে, ত্রিপুরা পাম্প অপারেটর সংঘের যুগ্ম উপদেষ্টা তথা মোহনভোগ পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান জীতেন দাস, ত্রিপুরা পাম্প অপারেটর সংঘের সভাপতি বিজয় রায়, সম্পাদক ঝুনু লাল শুক্লদাস সহ সারা রাজ্য থেকে আগত ত্রিপুরা পাম্প অপারেটর সংঘের সদস্য-সদস্যারা।
দীর্ঘদিন কর্মরত অবস্থায় থাকার পরেও দৈনিক কাজ করেও মূল বেতন ৪৭১০ টাকা মাত্র রয়েছে বলে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। বক্তব্য রাখতে গিয়ে অথিতিরা বলেন, বর্তমান সরকার সবকা সাথ সবকা বিকাশ নীতির উপর বিশ্বাস করে। ফলে পাম্প অপারেটরদের প্রতি আহ্বান জানান, আপনারা হতাশ হবেন না নিরাশ হবেন না আমরা আছি আপনাদের পাশে আপনারদের আর্থিক সুবিধা দিতে এই সরকার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে। কারন আপনাদের কারনেই জনগন প্রতিদিন পরিষেবা পাচ্ছে। আপনাদের ভুমিকা সমাজে অপরিসীম। মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, সরকার আপনাদের পাশে রয়েছেন। জানা গেছে আগামী কিছু দিনের মধ্যে সংগঠনের প্রদেশ কমিটি ঘোষণা দেবেন।
