আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন || ত্রিপুরায় ৪টি বিধানসভা আসনের উপ-নির্বাচনে বৃহস্পতিবার সকাল থেকেই উৎসবের মেজাজে চলে ভোট গ্রহণ প্রক্রিয়া। এদিন ভোট দান প্রক্রিয়া শুরু হয় সকাল ৭টা থেকে, চলে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এদিন বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৭৬.৬২ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে ৫৭-যুবরাজনগর কেন্দ্রে। এদিন ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রের ৫, ২৯ এবং ৩০ নম্বর বুথে ইভিএম বিকলের খবর মিলেছে। ইন্দ্রনগর আইটি কেন্দ্রেও ইভিএম বিকল হয়ে গিয়েছিল বলে খবর। সেখানে ভোটারদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তবে, ইভিএম সারাই করে ফের ভোটগ্রহণ শুরু করা হয়েছে বলে কমিশনের আধিকারিক জানিয়েছেন।
এদিন সর্বত্র শান্তিপূর্ণ ভাবেই ভোট হয়েছে বলে খবর। তবে কোথাও কোথাও বিক্ষিপ্ত কিছু উত্তেজনার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে বিরোধীরা। ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাঁধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছে বিরোধীরা। এদিন সাংবাদিক সম্মেলন করে এই সব অভিযোগ করেন সি পি আই (এম) এবং কংগ্রেস। তবে সমস্ত অভিযোগ খন্ডন করেছেন শাসক দল বিজেপি। এদিন বিকেলে এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বিরোধীদের সমস্ত অভিযোগ খারিজ করে উপ ভোট শান্তিপূর্ণ ও নির্ভিগ্নে হয়েছে বলে জানান তিনি।
এদিন সকাল সকাল ভোট দিলেন মুখ্যমন্ত্রী তথা ৮-টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ মানিক সাহা এবং ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ অশোক সিনহা। পাশাপাশি এদিন কংগ্রেস, সিপিআই(এম) এবং তৃণমূল কংগ্রেস প্রার্থীরাও নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন।
