আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ জুলাই || প্লাস্টিক মুক্ত পরিবেশ নিয়ে এক বিশেষ কর্মশালার আয়োজন করে ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। মঙ্গলবার আগরতলার পরিবেশ ভবনে রাজ্য বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তর আয়োজিত প্লাস্টিক মুক্ত পরিবেশের উপর এই কর্মশালায় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকর্তা অনিমেষ দাস, ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান বসন্ত কুমার আগরওয়াল, সদস্য সচিব ডঃ বিশু কর্মকার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মানস মুখার্জি সহ অন্যান্যরা। এই কর্মশালায় অংশ নেন শহরের স্বায়ত্তশাসিত সংস্থার আধিকারিকরা।
প্লাস্টিক ব্যবহারের রাশ টানতে এবং প্লাস্টিক থেকে পরিবেশকে রক্ষা করতে ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ শ্লোগানকে সামনে রেখে এই কর্মশালার আয়োজন। এদিন সাধারণ মানুষের ব্যবহারের জন্য খোলা হয়েছে একটি ওয়েব পোর্টাল। পাশাপাশি একটি অ্যাপ ব্যবহারের উপরও আলোচনা করা হয়।
