দুষ্কৃতীদের হামলায় এবং সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত বিজেপি কর্মীদের চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট || সোমবার টিটিএএডিসি’র সদর দপ্তর খুমুলুঙে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার উপস্থিতিতে আয়োজিত জনসভায় অংশগ্রহণ করতে যাওয়ার পথে দুষ্কৃতীদের হামলায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছিলেন। একইদিনে এই সভায় অংশগ্রহণ করার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছিলেন বেশ কয়েকজন দলীয় কর্মী-সমর্থক।
এই ঘটনার পর মঙ্গলবার রাজধানীর জিবি হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন তিনি জানান, জিবি হাসপাতালে দুষ্কৃতিদের হামলায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ২৫ জন দলীয় সমর্থক এবং সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন রয়েছেন ৮ জন দলীয় সমর্থক। এদের চিকিৎসার ব্যাপারে কি কি পদক্ষেপ নেয়া হয়েছে এই বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী। আহতদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর দ্রুত আরোগ্যের কামনা করেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী বলেন, সোমবার যে কায়দায় নেক্কারজনকভাবে ভারতীয় জনতা পার্টির সমর্থকদের উপর আক্রমণ হানা হয়েছে, তার তীব্র ভাষায় নিন্দা জানাই। তিনি বলেন, যারা ত্রিপুরার শান্তির পরিবেশকে বিঘ্নিত করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে, তাদের আমি হুঁশিয়ারি দিতে চাই।
তিনি হামলায় জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তি বিধানের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*