আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারী || আগামী ২রা মার্চ সকাল ৮টায় পোস্টাল ব্যালট দিয়েই গণনা পর্ব শুরু হবে এবং ৮টা ৩০ মিনিট থেকে ইভিএম গণনা শুরু করা হবে। মঙ্গলবার আগরতলা উমাকান্ত একাডেমিতে গণনা কেন্দ্র পরিদর্শনে করে একথা জানান রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে।
এদিন তিনি বলেন, পোস্টাল ব্যালটের গণনা সম্পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা না করেই এদিন সকাল ৮টা ৩০ মিনিট থেকে ইভিএম গণনা শুরু করা হবে। তিনি বলেন, ত্রিপুরা রাজ্যে মোট ২১টি স্থানে গণনা কেন্দ্র স্থাপন করা হয়েছে। জিরানিয়া এবং মোহনপুর মহকুমা বাদে সমস্ত মহকুমায় গণনা কেন্দ্র রয়েছে। তিনি বলেন, উমাকান্ত একাডেমিতে মোট ১৪টি বিধানসভা কেন্দ্রের গণনা সম্পন্ন হবে। নতুন এবং পুরোনো বিল্ডিং, এই দুইটি ভবনেই গণনার ব্যবস্থা করা হয়েছে। একটি ভবনে ৫টি এবং অন্যটিতে ৯টি বিধানসভা কেন্দ্রের গণনা সম্পন্ন হবে। তিনি বলেন, গণনা কেন্দ্রেই মিডিয়া সেন্টার এবং প্রার্থী ও অবজারভারদের জন্য অস্থায়ী বিশ্রামাগার তৈরি করা হয়েছে।
