আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ এপ্রিল || গোটা দেশের সাথে তাল মিলিয়ে রাজ্যেও সত্যাগ্রহ আন্দোলনে নেমেছে কংগ্রেস। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়ার প্রতিবাদে শনিবার বিক্ষোভ প্রদর্শন করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন রাজধানীর পোস্ট অফিস চৌমুহনীস্থিত কংগ্রেস ভবন থেকে মিছিল করে সার্কিট হাউসস্থিত গান্ধী মূর্তির পাদদেশে যাওয়ার পথে রবীন্দ্র ভবনের সামনে তাঁদের আটকে দেয় পুলিশ। এরপর পুলিশের সাথে শুরু হয় কংগ্রেস কর্মীদের ধ্বস্তাধ্বস্তি। দীর্ঘক্ষণ ধ্বস্তাধ্বস্তির পর তাঁদের পুলিশ আটক করে। এই বিষয়ে সদর মহকুমা পুলিশ আধিকারিক অজয় কুমার দাসের দাবি, কংগ্রেসের মিছিলের অনুমতি ছিল না। তাঁদের ফিরে যাওয়ার আবেদন জানানো হয়েছিল। কিন্তু, পুলিশের আবেদনে সাড়া দেওয়ার বদলে তাঁরা বলপূর্বক মিছিল নিয়ে এগিয়ে যেতে চাইছিলেন। তাই, বাঁধা দেয় এবং গ্রেপ্তার করে পুলিশ।
এদিন কংগ্রেসের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা, কংগ্রেস নেতা আশীষ কুমার সাহা সহ দলের নেতা কর্মী সর্মথকরা।
