আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ আগস্ট || বুধবার ধলাই জেলা সফরে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন সরকারি ও বেসরকারি বিভিন্ন কর্মসূচীতে যোগ দিতে সকালে ট্রেনে করে ধলাই জেলার উদ্দেশ্যে রওয়ানা দেয় তিনি। এদিন সকালে আমবাসাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে নবনির্মিত আমবাসা মহিলা থানার শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। আমবাসা মহিলা থানার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি, এই অঞ্চলের মহিলা সংক্রান্ত অপরাধ দমনে কার্যকরী ভূমিকা রাখবে এই নতুন থানা’।
এরপর ধলাই জেলার স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা করেন তিনি। কমলপুর মহকুমা হাসপাতালের অন্তর্গত নবনির্মিত ৫০ শয্যা বিশিষ্ট ফিল্ড হাসপাতালের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধন শেষে তিনি বলেন, সাধারণ মানুষ যেন নিজ জেলাতেই চিকিৎসা পরিষেবা পেতে পারেন এই লক্ষ্যে বিভিন্ন জেলায় স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের কাজ করে চলেছে রাজ্য সরকার।
