আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ নভেম্বর || গোটা রাজ্যেই একযোগে ক্যাশলেস পেমেন্ট সিস্টেম চালু করলেন রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। মঙ্গলবার মহাকরণের ২ নম্বর কনফারেন্স হলে ভার্চুয়াল মিটিং এর মধ্য দিয়ে বোতাম টিপে সারা রাজ্যে পরিবহন দপ্তরে ক্যাশলেস পেমেন্ট সিস্টেম চালু করলেন তিনি।
এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, সারা দেশের সাথে আমাদের রাজ্যেও মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা চালু হওয়ার পর থেকেই এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রযুক্তির কল্যাণে হাতের মুঠোয় চলে এসেছে ব্যাঙ্কের বিভিন্ন পরিষেবা। মোবাইলের মাধ্যমে এক মুহূর্তে সর্বত্র টাকা পাঠানো যায়। একই সঙ্গে কেনাকাটার বিল পরিশোধ, ঋণ সুবিধাসহ যোগ হয়েছে নতুন নতুন অনেক পরিষেবা। ফলে মোবাইল আর্থিক সেবার উপর সাধারণ মানুষের আগ্রহের পাশাপাশি বাড়ছে নির্ভরশীলতা। গ্রাহকের সঙ্গে বাড়ছে লেনদেনের পরিমাণও। এই বিষয়টি মাথায় রেখে প্রতিদিন বিভিন্ন কাজে রাজধানী আগরতলা সহ রাজ্যের ৮টি জেলার জেলা পরিবহন কার্যালয়ে বিভিন্ন ধরণের পরিষেবা নিতে আসা রাজ্যের সর্বস্তরের জনগণ যাতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ ও নির্ঝঞ্ঝাট ক্যাশলেস লেনদেন করতে পারেন তার জন্য রাজ্যের পরিবহণ দপ্তরের উদ্যোগে নগদ টাকার পরিবর্তে ডিজিটাল পদ্ধতিতে আর্থিক লেনদেন (ক্যাশলেস ট্রানজেকশন) এর অনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়।
তিনি বলেন, এখন থেকে রাজধানী আগরতলা সহ অন্যান্য জেলা পরিবহণ কার্যালয়ে
আধুনিক প্রযুক্তি কুইক রেসপন্স (কিউআর) কোড, ডেবিট কার্ড ও ইউপিআই এর মাধ্যমে যেকোনো কাজের জন্য নির্ভয়ে স্বচ্ছতার সঙ্গে ক্যাশলেস লেনদেন করা যাবে, যা সব ধরনের আর্থিক লেনদেনকে সাশ্রয়ী, সহজ এবং স্বচ্ছ করে তুলবে।
