সমভূমি সামাজিক সংস্থার বাৎসরিক ম্যাগাজিন প্রকাশ

আপডেট প্রতিনিধি, শান্তির বাজার, ১৯ জানুয়ারি || দক্ষিণ ত্রিপুরার চরকবাইস্থিত সমভূমি সামাজিক সংস্থা ত্রিপুরার একটি অতি পরিচিত সংগঠন। প্রতিবছরের ন্যায় এ বছরও এই সংগঠনটি ১৮ই জানুয়ারি, বৃহস্পতিবার চরকবাই পঞ্চায়েত অফিস সংলগ্ন কমিউনিটি হলে মহাসাড়ম্বরে উদযাপন করে এবারকার অনুষ্ঠানটি। অনুষ্ঠানের সমভূমির বাৎসরিক ম্যাগাজিন প্রকাশ সহ কবিকণ্ঠে কবিতা পাঠ বিশেষ উৎসুকের সৃষ্টি করে। এদিন বেলা ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠানে উদ্বোধন করেন শান্তিরবাজার মহকুমা আধিকারিক অভেদানন্দ বৈদ্য। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট নাট্যকার সুভাষ দাস। উপস্থিত ছিলেন সংগীত শিক্ষক দিলীপ চক্রবর্তী, অবসরপ্রাপ্ত শিক্ষক ও বাঁশি বাদক রমানাথ দে, ছড়াকার রতন আচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত কবি বেলায়েত বাদল সরকার।
সংগীত শিল্পী সুস্মিতা চক্রবর্তী উদ্বোধনী সংগীত পরিবেশন করেন। এই উৎসবে সমভূমি সাহিত্য সম্মাননা ও সমভূমি শিল্পী সম্মান প্রদান করা হয় বিশিষ্ট লেখিকা নন্দিতা দত্ত ও চিত্রশিল্পী বিজলী সাহাকে। সমভূমির এবারের ম্যাগাজিনের মূল বৈশিষ্ট্য হলো তবলা শিল্পীদের মনন ও উদযাপনের কথা পাঠক সমীপে তুলে ধরার এক অনন্য প্রয়াস ‘না ধিন ধিন না’।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল চরকবাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বরচিত কবিতা পাঠ। একে একে ছয় জন শিশু কবি তাদের কবিতা পাঠের মাধ্যমে উপস্থিত সবার মনোযোগ কেড়ে নেয়। তাছাড়া, ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি ও গায়ক গায়িকাগণ তাদের কবিতা, গান উপস্থাপন করেন। সমবেত সংগীত পরিবেশন করেন স্বরলিপি সংগীত বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা।  সমগ্র অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ত্রিপুরার বিশিষ্ট কবি চন্দন পাল। সমভূমি সামাজিক সংস্থার সম্পাদক অভীক কুমার দে’র ধন্যবাদসূচক বক্তব্যের মাধ্যমে এদিনের অনুষ্ঠান সমাপ্ত হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*