প্রয়াত দৈনিক সংবাদ পত্রিকার বরিষ্ঠ চিত্র সাংবাদিক দেবাশীষ বড়ুয়া, শোক জ্ঞাপন মুখ্যমন্ত্রীর

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি || আগরতলা প্রেস ক্লাবের সদস্য তথা দৈনিক সংবাদ পত্রিকার চিত্র সাংবাদিক দেবাশীষ বড়ুয়া সোমবার সকাল সাড়ে ছয়টা নাগাদ জি বি হাসপাতালে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। দীর্ঘ দিন ধরে শারিরীকভাবে অসুস্থ ছিলেন তিনি। তাঁর অকাল প্রয়ানে সংবাদ জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এদিন সকালে মৃত্যুর খবর পেয়েই জি বি হাসপাতাল ও ধলেশ্বর আট নম্বর রোডস্থিত তাঁর বাড়িতে ছুটে যান সাংবাদিক সহ সংবাদ মাধ্যমের সহকর্মীরা। এদিন বেলা পনে ২টা নাগাদ তাঁর মরদেহ আগরতলা প্রেস ক্লাবে নিয়ে এলে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সহ-সম্পাদক কমল চৌধুরী, কোষাধ্যক্ষ রঞ্জন রায়, প্রাক্তন সম্পাদক প্রণব সরকার, ভুপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পাল সহ পরিচালন কমিটির সদস্য এবং সাংবাদিক চিত্র সাংবাদিকরা। জানা যায়, মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র সহ অনেক আত্মীয় পরিজন এবং গুণমুগ্ধদের রেখে গেছেন। উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আগরতলা প্রেস ক্লাব। তাঁর আত্মার চিরশান্তি কামনা করে প্রেস ক্লাবের পক্ষ থেকে শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
এদিন দৈনিক সংবাদ পত্রিকার বরিষ্ঠ চিত্র সাংবাদিক দেবাশীষ বড়ুয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি নিজের সোস্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, দৈনিক সংবাদ পত্রিকার বরিষ্ঠ চিত্র সাংবাদিক দেবাশীষ বড়ুয়ার প্রয়াণে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানাই।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*