সাগর দেব, তেলিয়ামুড়া, ১৭ ফেব্রুয়ারী || রাজ্যের বুকে আবারো যৌন হেনস্তার শিকার দুই জনজাতি নাবালিকা! তবে কি সুরক্ষিত রাজ্যের আমজনতা? ঘটনাকে ধামাচাপা দিতে ময়দানে তৎপর তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সহ তেলিয়ামুড়া থানার একাংশ পুলিশ অফিসার’রা, এমনটাই খবর খোয়াই জেলা আরক্ষা দপ্তরের অন্দরমহল সূত্রের। এমনকি সংবাদমাধ্যমের কাছে ঘটনার তথ্য আড়াল করতে আদা জল খেয়ে ময়দানে নেমেছে তেলিয়ামুড়া থানার একাংশ পুলিশ অফিসার’রা।
ঘটনার বিবরণে প্রকাশ, তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাটের ভূমিহীন কলোনি এলাকার প্রায় ৮ বছর বয়সী দুই নাবালিকা শিশুকে যৌন হেনস্তার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। শুক্রবার রাতে এই অভিযোগ তেলিয়ামুড়া থানায় জমা পড়ে, যার মামলা নম্বর ১১/২০২৪/তেলিয়ামুড়া থানা। এই মামলায় উল্লেখ ছিল US 354(B)/506 IPC & 08 POSCO ধারার। এরপরই পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। ঘটনার তদন্তে নেমে পুলিশ শনিবার সকালে দুই নাবালিকা শিশুকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য নিয়ে আসে। তবে ঘটনা কবে সংঘটিত হয়েছে সে ব্যাপারে দুই নাবালিকার পরিবার থেকে কোন কিছু নির্দিষ্ট করে বলতে না পারলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শুক্রবার দিন শিশুদের কাছ থেকে জানতে পেরেছেন ঘটনাটি। শিশু দুটির কাছ থেকে ঘটনার বৃত্তান্ত শুনে পরিবারের পক্ষ থেকে শুক্রবার তেলিয়ামুড়া থানায় অভিযোগ দায়ের করলেও অভিযুক্ত’কে আটক করার ক্ষেত্রে দিবানিদ্রায় আচ্ছন্ন তেলিয়ামুড়া থানার পুলিশ।
এলাকা সূত্রে খবর, ভূমিহীন কলোনি এলাকার বাসিন্দা ওই দুই নাবালিকা একই এলাকার ১৮ বছর বয়সী এক যুবক সাগর মারাকের বাড়িতে খেলতে গেলে সাগর মারাক ওই দুই নাবালিকা’কে যৌন হেনস্থা করে বলে অভিযোগ। তারা জানান, প্রতিদিন সকালে কাজের খোঁজে এলাকার সকল অভিভাবকরা বাড়ি থেকে বেরিয়ে যায়। ছোট ছেলে মেয়েরা বাড়িতেই থাকেন। যৌন হেনস্থার শিকার ওই দুই নাবালিকা সাগর মারাক’কে মামা বলে ডাকতো। প্রায়ই সাগরের বাড়ীতে খেলতে যেত। ঘটনার পর নাকি সাগর মরাক ওই দুই নাবালিকাকে কাওকে কিছু না বলার জন্য মেরে ফেলার হুমকি দেয়। তাই তারা এতদিন বাড়ীতে মা বাবাকে কিছুই বলেনি।
এদিকে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে, এই ঘটনার তদন্তে সাময়িক সময়ের জন্য তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের দায়িত্বে থাকা ডি.এস.পি প্রসেনজিৎ রায় সহ তেলিয়ামুড়া থানার একাংশ পুলিশ অফিসারদের দিবা নিদ্রাচ্ছন্ন ভূমিকায় এই ঘটনার আদৌ কতটা সুষ্ঠু তদন্ত হবে? যার জলজ্যান্ত প্রমাণ এখনও অধরা অভিযুক্ত সাগর মারার। সূত্রের খবর, সংবাদ মাধ্যম সহ আরক্ষা দপ্তরের ঊর্ধ্বতন মহলের নিকট এই যৌন হেনস্থার ঘটনার বিভিন্ন তথ্য গোপন করতে চাইছে ডিএসপি প্রসেনজিৎ বাবু সহ একাংশ পুলিশ অফিসার’রা।
