গোপাল সিং, খোয়াই, ২৩ জুলাই || পোষ্ট অফিসে ঢুকে মহিলা কর্মীকে গলা টিপে ধরে টাকা ছিনতাইয়ের চেষ্টা। ঘটনা খোয়াই থানাধীন সিঙ্গিছড়াস্থিত বেলতলি পোষ্ট অফিসে। ধৃত যুবকের নাম রতন ঘাটোয়াল (২৫)। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার সকাল ১১টা নাগাদ ঐ যুবক বেলতলি পোষ্ট অফিসে ঢুকে অফিসের মহিলা কর্মীকে জিজ্ঞেস করে যে এখানে এলপিজি গ্যাসের কানেকশন নেওয়া যায়? উত্তরে মহিলা কর্মী জানান যে এখানে শুধু আরডি এবং সেভিংসের পাস বই করা হয়। আচমকাই অফিসে নির্জনতার সুযোগ নিয়ে মহিলা কর্মীকে গলা চেপে ধরে যুবকটি এবং পোষ্ট অফিসের ক্যাশে থাকা নগদ অর্থ ছিনতাইয়ের চেষ্টা করে। কিন্তু মহিলা কর্মীর চিৎকার শুনতে এলাকার লোকজন পোষ্ট অফিসে ছুটে আসে এবং যুবকটিকে হাতেনাতে ধরে ফেলে। পরবর্তী সময় খোয়াই মহিলা থানার পুলিশ ছুটে আসে এবং রতন ঘাটোয়ালকে আটক করে। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে।
