আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল || ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা শুক্রবার নয়া দিল্লীতে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করে রাজ্যের উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং কেন্দ্রীয় সরকারের আরও সহযোগিতা কামনা করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডার সঙ্গে এক আন্তরিক বৈঠকে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ত্রিপুরার স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বিশেষভাবে সুপার-স্পেশালিটি চিকিৎসা পরিষেবার সম্প্রসারণের ওপর জোর দেন এবং রাজ্যের দুর্গম ও অনগ্রসর অঞ্চলে স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালীকরণে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সহায়তা কামনা করেন।
পরে তিনি কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহের সঙ্গেও বৈঠক করেন, যেখানে ত্রিপুরা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ এবং রাজ্যের ভবিষ্যৎ অগ্রগতির পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী গৃহমন্ত্রীর কাছ থেকে টেকসই উন্নয়নের জন্য অব্যাহত সহযোগিতা ও নির্দেশনা প্রার্থনা করেন।
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এই বৈঠকগুলিকে “রাজ্যের প্রয়োজন ও অগ্রাধিকার কেন্দ্রের কাছে সরাসরি পৌঁছে দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ” বলে উল্লেখ করে জানান, “কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় আমরা ত্রিপুরার জনগণের জীবনযাত্রার আরও উন্নতি করতে চাই”। মুখ্যমন্ত্রীর এই সফরকে রাজ্যের অবস্থান শক্তিশালীকরণ এবং কৌশলগত সহযোগিতার অংশ হিসেবে দেখা হচ্ছে। ডাঃ সাহার সঙ্গে থাকা উচ্চপদস্থ আধিকারিকরা এই সফরকে “অত্যন্ত ফলপ্রসূ ও উৎসাহব্যঞ্জক” বলে বর্ণনা করেন।
