মুখ্যমন্ত্রী সমীপেষু’র ৪১’তম পর্বে জনসাধারণের অভাব-অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল || বুধবার মুখ্যমন্ত্রীর সচিবালয় চত্বরে অনুষ্ঠিত হলো জনকল্যাণমূলক কর্মসূচি ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’-এর ৪১’তম পর্ব। মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত নাগরিকদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে তাদের সমস্যার কথা শোনেন এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
এদিন ভোর থেকেই সচিবালয়ের ফটকে মানুষের ভিড় চোখে পড়ে। নির্ধারিত ফর্ম পূরণের পর পুলিশি যাচাই-বাছাই ও নিরাপত্তা পরীক্ষার মাধ্যমে নাগরিকদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সভা ছিল শান্তিপূর্ণ ও সুচারুভাবে পরিচালিত।
এদিনের পর্বে নাগরিকদের স্বাস্থ্য সমস্যা, জমিজমা সংক্রান্ত জটিলতা, শিক্ষাগত সুবিধা এবং সামাজিক নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিষয় সামনে আসে। মুখ্যমন্ত্রী সব কথা মনোযোগ দিয়ে শোনেন এবং বলেন, “জনগণের সমস্যার মর্ম বোঝার জন্য এমন সরাসরি সংযোগ খুবই জরুরি। বিশেষ করে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলোর দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছি।”
বিভিন্ন দপ্তরের আধিকারিকরাও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবং প্রতিটি অভিযোগ লিপিবদ্ধ করে তা দ্রুত সমাধানের আশ্বাস দেন। দক্ষিণ ত্রিপুরা থেকে আগত এক প্রবীণ নাগরিক জানান, বহুদিন ধরে চলা জমি সংক্রান্ত সমস্যার কথা তিনি আজ মুখ্যমন্ত্রীকে জানাতে পেরেছেন এবং তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেওয়ার আশ্বাসও পেয়েছেন।
‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ এখন রাজ্যের মানুষের সঙ্গে সরকারের নিবিড় সংযোগের এক নির্ভরযোগ্য মাধ্যম হয়ে উঠেছে। নাগরিকদের প্রতি সরকারের দায়বদ্ধতা এবং জনমুখী শাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত এই কর্মসূচি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*