উত্তর-পূর্বাঞ্চলে বিনিয়োগ উৎসাহে হাই-লেভেল টাস্ক ফোর্সের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ মে || উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন কাউন্সিল (NEC) কর্তৃক গঠিত বিনিয়োগ উৎসাহমূলক উচ্চপর্যায়ের টাস্ক ফোর্সের দ্বিতীয় বৈঠক আজ ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন টাস্ক ফোর্সের আহ্বায়ক এবং উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।
বৈঠকে বিনিয়োগ প্রচারে কৌশলগত রোডম্যাপ তৈরির লক্ষ্যে একাধিক ধাপে স্টেকহোল্ডার পরামর্শ সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে অংশ নেবেন শিল্প সংগঠন, সম্ভাব্য বিনিয়োগকারী এবং উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের দপ্তরের কর্মকর্তারা।
বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, উত্তর-পূর্বাঞ্চলের জন্য একটি নির্দিষ্ট ও যুগোপযোগী বিনিয়োগ নীতি (Investment Policy) তৈরিতে নামকরা একাডেমিক প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞ সংস্থাকে যুক্ত করা হবে। এই নীতিতে গুরুত্ব পাবে কৃষি প্রক্রিয়াকরণ, পর্যটন, জলবিদ্যুৎ, তথ্যপ্রযুক্তি, হস্তশিল্প ইত্যাদি খাতে বিনিয়োগ বৃদ্ধির দিকনির্দেশ।
বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে কীভাবে পূর্বাঞ্চলের অবকাঠামোগত সীমাবদ্ধতা, পরিবহন সমস্যা এবং বাজার সংযোগের ঘাটতি দূর করা যায়, সে বিষয়েও রূপরেখা প্রস্তাব করা হবে।
মন্ত্রী শ্রী সিন্ধিয়া আশ্বাস দেন, উত্তর-পূর্ব ভারতের টেকসই উন্নয়নের জন্য কেন্দ্র দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্যোগ নতুন কর্মসংস্থানের পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নেও সহায়ক হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*