শাসকদল সহ দুই শরিক দলের ভূমিকা নিয়ে উঠছে নানা প্রশ্ন, অফিসে অফিসে চলছে অফিসে তালা ঝোলানোর প্রতিযোগিতা

সুব্রত দাস, গন্ডাছড়া, ১৬ মে || ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার রাইমাভ্যালী বিধানসভা কেন্দ্রের শাসক দলের তিন শরিক দলের ভূমিকা নিয়ে উঠছে নানা প্রশ্ন। মঙ্গলবার গন্ডাছড়া মহকুমার পিজিটি অফিসে তালা দিয়েছে তিপ্রা মথা দলের নেতৃত্ব এবং কর্মীরা। বুধবার তার পাল্টা দেয় শাসক দলের বিজেপি এবং শরিক দল আইপিএফটি দল। বুধবার অফিস চলাকালীন সময়ে বিজেপি এবং আইপিএফটি দলের কর্মী সমর্থকরা স্বঘোষিত নেতা হিসাবে পরিচিত খজেন রিয়াং এর নেতৃত্বে আচমকা গন্ডাছড়া মহকুমার হরিপুরস্থিত এডিসির বিদ্যালয় পরিদর্শকের অফিসে তালা ঝুলিয়ে দেন। এরপরই গন্ডাছড়া কৃষি মহকুমা দপ্তরে হাজির হয়ে অফিসের সমস্ত কর্মীদের বের করে দিয়ে কৃষি মহকুমা অফিসের মূল দরজায় তালা ঝুলিয়ে অফিস বন্ধ করে দেয় বিজেপি এবং আইপিএফটি কর্মীরা। বৃহস্পতিবার বেলা ১টা পর্যন্ত তিনটি অফিসই বন্ধ ছিল। কৃষি মহকুমা দপ্তরে বেলা ১১টা নাগাদ গিয়ে দেখা যায় অফিস কর্মীরা বাইরে দাঁড়িয়ে রয়েছেন। সাধারণ মানুষ অফিসের কাজকর্ম করতে এসে মুখ ফিরিয়ে চলে যাচ্ছে।
এখন প্রশ্নটা হচ্ছে তিপ্রা মথা দলই বলুন আর বিজেপি ও আইপিএফটি দলই বলুন। সাধারণ মানুষ জানতে চায় গন্ডাছড়া মহকুমা সদরের যে তিনটি অফিস তালা বন্ধ করেছেন আপনারা কি শাসক গোষ্ঠী না বিরোধী গোষ্ঠী? বিরোধী গোষ্ঠী হলে মেনে নেবে সাধারণ মানুষ। কিন্ত যদি শাসক দল এবং তার সহযোগী দল বর্তমান বিজেপি সরকার পরিচালিত বিভিন্ন অফিসে তালা দিয়ে নিজেদের বড় নেতার পরিচয় দেওয়ার চেষ্টা করেন তাহলে সেটা হবে মূর্খের সামিল।এমন অভিযোগ আম জনতার।
সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশে জানা গিয়েছে, শাসক দলীয় নেতা নেত্রীদের কর্তব্য মহকুমার প্রতিটি অফিস সঠিক ভাবে খোলা হচ্ছে কিনা, সাধারণ মানুষ সঠিক ভাবে পরিষেবা পাচ্ছে কিনা। সেখানে পুরো উল্টো ভূমিকা পালন করে চলেছেন শাসক নেতৃত্বরা। অফিস খোলা রাখার বদলে উল্টো অফিস বন্ধ করে দিচ্ছে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথা দলের কর্মী সমর্থকরা।
বুধবার বিভিন্ন অফিস বন্ধর সিদ্ধান্তটি কি শাসক দলের সাংগঠনিক সিদ্ধান্ত নাকি নিজেদের পকেট ভারী করার জন্য ব্যক্তিগত সিদ্ধান্ত। তা নিয়ে চলছে গন্ডাছড়া মহকুমায় চুলছেড়া বিশ্লেষণ। তবে বৃহস্পতিবার অফিসে আসা বহু সাধারণ মানুষ এই অফিসে অফিসে তালা লাগানোর ঘটনাটি ভালো নজরে দেখেন নি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*