ডুম্বুর জলাশয়ে জলস্তর বৃদ্ধি পাওয়ায় উঠে আছে বিপুল পরিমাণ মাছ, মৎস্যজীবীদের মুখে হাসি

সুব্রত দাস, গন্ডাছড়া, ৩০ মে || গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে ডুম্বুর জলাশয়ের জলস্তর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় মৎস্যজীবীদের জালে ধরা পড়ছে বড় আকারের রুই, কাতলা, মৃগেল-সহ নানা প্রজাতির মাছ। শুক্রবার বিকেলে গন্ডাছড়া মাছ বাজার বড় আকারের মাছে ভরে উঠেছে। ২৫০ টাকা প্রতি কেজি থেকে শুরু করে ৩০০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে এই মাছ। মাছপ্রিয় বাঙালির কাছে এই খবর পৌঁছতেই বাজারে ভিড় জমাচ্ছেন সকলে।
স্থানীয় মৎস্যজীবীরা জানান, বর্ষার শুরুতে এমন বড় আকারের মাছ সাধারণত পাওয়া যায় না। কিন্তু এ বছর অসময়ের বৃষ্টি এবং জলস্তর বৃদ্ধির কারণে জলাশয়ের গভীরে থাকা বড় মাছগুলি ডাঙার কাছাকাছি চলে আসছে, ফলে সেগুলোকে জালে তোলা সহজ হচ্ছে। এই অপ্রত্যাশিত প্রাচুর্য মৎস্যজীবীদের মুখে হাসি ফুটিয়েছে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে যেখানে অন্যান্য কাজ থমকে গিয়েছিল, সেখানে মাছ বিক্রি করে তাঁরা ভালোই রোজগার করছেন।
বাজারের চিত্র ছিল চোখে পড়ার মতো। ক্রেতারা দরদাম করে নিজেদের পছন্দসই মাছ কিনতে ব্যস্ত। কেউ ছোট আকারের মাছ খুঁজছেন, আবার কেউ বড় আকারের রুই বা কাতলা কেনার জন্য অপেক্ষায় রয়েছেন। অনেক ক্রেতা জানান, ডুম্বুরের মাছের স্বাদ অতুলনীয়, আর এমন তাজা ও বড় আকারের মাছ সচরাচর পাওয়া যায় না।
মৎস্য বিশেষজ্ঞরা মনে করছেন, প্রাকৃতিক কারণে জলাশয়ের বাস্তুতন্ত্রে এই পরিবর্তন ঘটেছে। তবে মৎস্যজীবীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। আশা করা হচ্ছে, আগামী দিনগুলোতেও ডুম্বুর জলাশয় থেকে মাছের এই সরবরাহ অব্যাহত থাকবে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*