আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ এপ্রিল || আগরতলা শহরের মসজিদ রোড এলাকায় রবিবার রাতে চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়। কংগ্রেস দলের ছাত্র ও যুবনেতা মোঃ শাজাহান ইসলামের বাড়িতে আচমকা আক্রমণ চালায় একদল দুষ্কৃতিকারী। অভিযোগ, তারা বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় এবং শাজাহানের পরিবারের সদস্যদের হুমকি-ধমকি দিয়ে এলাকা ত্যাগ করে।
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় আগরতলা পশ্চিম থানার পুলিশ এবং আগরতলা পূর্ব থানার পুলিশবাহিনী। এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক এবং ক্ষোভ দুই-ই লক্ষ্য করা যায়।
এদিকে, ঘটনার পর সোমবার কংগ্রেসের ছাত্র যুব নেতা মোঃ শাজাহানের বিরুদ্ধে নানা অভিযোগ এনে বিজেপি দলের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আগরতলা পূর্ব থানায়।
ঘটনার রাজনৈতিক রঙ নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানিয়েছেন এক আধিকারিক।
এলাকায় শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
