বেপরোয়া বাইকের ধাক্কায় স্কুলছাত্র গুরুতর আহত, ট্রাফিক অব্যবস্থায় ক্ষুব্ধ শহরবাসী

গোপাল সিং, খোয়াই, ১১ জুন || খোয়াইয়ে ফের বেপরোয়া গতির শিকার হলো এক স্কুলছাত্র। শনিবার খোয়াইয়ের জব্বরটিলা এলাকায় মায়ের সাথে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগতির বাইকের ধাক্কায় গুরুতর আহত হয়েছে ছয় বছরের শিশু। সে স্থানীয় আনন্দমার্গ স্কুলের ছাত্র। জানা গেছে, স্কুল ছুটির পর মায়ের সাথে বাড়ি ফেরার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাইক তাদের সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনায় শিশুটি গুরুতর আহত হয়। ঘটনার পরই স্থানীয়রা ছুটে এসে বাইকচালককে আটক করেন। ধৃত যুবক খুমুলুঙ কলেজের ছাত্র বলে জানা গেছে। যদিও সে তার বাইকের গতি ৩০-৪০ কিমি/ঘণ্টা ছিল বলে দাবি করেছে।
এই দুর্ঘটনাটি খোয়াইয়ের নিত্যনৈমিত্তিক যান-দুর্ঘটনার একটি খণ্ডচিত্র মাত্র। এদিকে খোয়াই শহরবাসীর অভিযোগ, জেলা সদর খোয়াই, বিশেষ করে প্রাণকেন্দ্র সুভাষপার্ক বাজার এলাকায় টমটম চালকদের দৌরাত্ম্যে পথ চলাই দায়। যাত্রী দেখলেই যত্রতত্র গাড়ি থামিয়ে দেওয়া, হঠাৎ মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়া তাদের অভ্যাসে পরিণত হয়েছে। এর প্রতিবাদ করতে গেলে চালকরা উল্টে পথচারীদের দিকে তেড়ে আসে বলেও গুরুতর অভিযোগ রয়েছে।
শুধু টমটম নয়, কমলপুর-আগরতলা রুটের বাসগুলিও খোয়াই শহরের উপর দিয়ে অত্যন্ত বেপরোয়া গতিতে চলাচল করে বলে অভিযোগ দীর্ঘদিনের। পাশাপাশি, হেলমেটবিহীন বাইক চালকদের দাপটও চোখে পড়ার মতো।শহরবাসীর মতে, খোয়াইতে ট্রাফিক আইন বজায় রাখতে ট্রাফিক দপ্তর কার্যত ব্যর্থ। শহরের প্রকাশ্য রাস্তায় হেলমেট ছাড়া বাইক চলাচল করলেও ট্রাফিক পুলিশকে কোনও এক অজ্ঞাত কারণে নিষ্ক্রিয় থাকতে দেখা যায়। সব মিলিয়ে, প্রশাসনের এই উদাসীনতায় পথচলতি মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*