গোপাল সিং, খোয়াই, ১৪ এপ্রিল || জনজাতি গৌরব বর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে ‘ধরতি আবা জনভাগিদারী অভিযান’ সফল করতে শনিবার খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে এক উচ্চ-পর্যায়ের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। জেলাশাসক ও সমাহর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই বৈঠকে পৌরহিত্য করেন খোয়াইয়ের জেলাশাসক ও সমাহর্তা রজত পন্থ।
বৈঠকে তিনি জানান যে, আগামী ১৫ই জুন থেকে ৩০শে জুন পর্যন্ত ১৫ দিনব্যাপী এই বিশেষ অভিযান চলবে। এর মূল উদ্দেশ্য হলো, বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা সম্পর্কে জনজাতি অংশের মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা এবং যোগ্য উপভোক্তাদের কাছে সেই সুবিধাগুলি ১০০ শতাংশ পৌঁছে দেওয়া নিশ্চিত করা। ‘কল্পনা থেকে কর্মে রূপান্তর’ (Vision to Mission) এই লক্ষ্যকে সামনে রেখে প্রান্তিক স্তরে পরিষেবা পৌঁছে দেওয়াই এই অভিযানের মূল লক্ষ্য।
এদিনের গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (পিপি), জেলা ওয়েলফেয়ার অফিসার, খোয়াইয়ের মহকুমা শাসক, জেলার সমস্ত ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও), মহকুমা ওয়েলফেয়ার আধিকারিকগণ, ডিআইএসই, জেলা শিক্ষা আধিকারিক, জেলা পঞ্চায়েত অফিসার এবং জেলাশাসকের কার্যালয়ের মিডিয়া টিমের সদস্যরা।
জেলাশাসক এই অভিযানকে সফল করতে সমস্ত সংশ্লিষ্ট দপ্তরকে সমন্বিতভাবে এবং মিশন মোডে কাজ করার উপর জোর দেন। তিনি বলেন, তৃণমূল স্তরে প্রতিটি যোগ্য ব্যক্তির কাছে যেন পরিষেবা পৌঁছায়, তা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান লক্ষ্য।
