প্রকাশ্যে শৌচালয়ে নেশা! জনতার হাতে আটক সরকারি কর্মচারী, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ

গোপাল সিং, খোয়াই, ২১ জুন || খোয়াই শহরে নেশার রমরমা যেন থামার নামই নেই। এবার খোদ জিপ স্ট্যান্ডের শৌচালয়ে ড্রাগস সেবনের সময় এক সরকারি কর্মচারীকে হাতেনাতে পাকড়াও করল স্থানীয় গাড়ি চালকরা। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন সাধারণ মানুষ।
ঘটনাটি ঘটে শনিবার দুপুর প্রায় সাড়ে বারোটা নাগাদ। স্থানীয় সূত্রে খবর, নিতেন্দু দেববর্মা নামে এই সরকারি কর্মচারী প্রায়শই জিপ স্ট্যান্ডের শৌচালয়ে ঢুকে নেশা করতেন বলে অভিযোগ। এদিন তাঁর আচরণে সন্দেহ হওয়ায় স্থানীয় গাড়ি চালকরা শৌচালয়ে ঢোকেন এবং তাঁকে নেশার সামগ্রী সহ হাতেনাতে ধরে ফেলেন। ধৃত নিতেন্দু দেববর্মার বাড়ি রামচন্দ্রঘাট এলাকায় বলে জানা গেছে।
এরপরেই খবর দেওয়া হয় পুলিশকে। সুভাষ পার্ক আউট পোস্টের ওসি রঞ্জিত সরকারের নেতৃত্বে পুলিশ কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যান।
এই ঘটনাকে কেন্দ্র করে খোয়াইয়ে পুলিশের ভূমিকা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, পুলিশ শহরে নেশার রমরমা বাণিজ্য রুখতে ব্যর্থ। একের পর এক নেশা সেবনকারী ধরা পড়লেও নেশাকারবারীদের ধরতে পুলিশ ব্যর্থ। যেমন চোর ধরতে বা চুরি আটকাতে ব্যর্থ হচ্ছে পুলিশ। অথচ সাধারণ মানুষ নেশা সেবনকারীদের ধরলেও, পুলিশ যেন ‘ঠুঁটো জগন্নাথ’-এর ভূমিকা পালন করছে। সাধারণ মানুষ যদি পুলিশের কাজ করে, তবে প্রশাসনের ভূমিকা কী, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে খোয়াইবাসীর মনে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*