আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জুন || ২১শে জুন, শনিবার রাজ্যজুড়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হল ১১’তম আন্তর্জাতিক যোগা দিবস। এবছরের থিম ছিল “এক পৃথিবী, এক স্বাস্থ্যের জন্য যোগ”। রাজ্যের সর্বস্তরের মানুষ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন রাজনৈতিক দল এই দিনটিকে বিশেষভাবে পালন করে।
রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এদিন আগরতলার আন্তর্জাতিক হাঁপানিয়া মেলা প্রাঙ্গণে যোগাসনে অংশগ্রহণ করে দিনটির তাৎপর্য তুলে ধরেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।
রাজধানীর রামনগর মণ্ডলের উদ্যোগে তুলসীবতী বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বিশেষ যোগা শিবির। এতে অংশ নেন আগরতলা পুর নিগমের মেয়র তথা রামনগর কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার, কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, ভাস্বতী দেববর্মা এবং মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য।
এদিন মেয়র জানান, “যোগা মন, আত্মা ও দেহকে সুস্থ রাখে। প্রতিদিনের জীবনে যোগা চর্চা অভ্যাস করা উচিত।”
অন্যদিকে সিবিসি, পিআইবি ও আগরতলা পুর নিগমের ১৯নং ওয়ার্ডের যৌথ উদ্যোগে সুপারি বাগান এলাকার ঠাকুর প্রভাত চন্দ্র রায় স্মৃতি পার্কে অনুষ্ঠিত হয় যোগব্যায়াম। এখানে উপস্থিত ছিলেন পুর নিগমের কর্পোরেটর ভাস্বতী দেববর্মা, মহিলা মোর্চা সভানেত্রী মিমি মজুমদার, সিবিসি ও পিআইবি কর্মকর্তারা। যোগাসনে অংশ নেন অঙ্গন মোহিনী হিরাবতী গার্লস হোস্টেলের ছাত্রীরা ও স্থানীয় বাসিন্দারা।
বিশালগড় আর ডি ব্লক প্রাঙ্গনেও আয়োজিত হয় যোগা প্রদর্শনী। উপস্থিত ছিলেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। তিনি প্রতিদিন যোগব্যায়াম করার আহ্বান জানান।
ঊনকোটি জেলা প্রশাসনের উদ্যোগে কৈলাসহর সৈবতীর্থ ঊনকোটিতে আয়োজিত যোগা দিবসের অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করে শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী সান্তনা চাকমা। তার সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, পর্যটন সচিব উত্তম কুমার চাকমা, উচ্চশিক্ষা আধিকারিক অনিমেষ দেববর্মা, জেলাশাসক ডঃ তমাল মজুমদার, জেলা পুলিশ সুপার সুধামবিকা আর সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। অতিথিরা সকলের সঙ্গে যোগাসনে অংশ নেন।
আন্তর্জাতিক যোগা দিবসে রাজ্যবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রাজ্যের স্বাস্থ্য সচেতনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল।
