সাগর দেব, তেলিয়ামুড়া, ২২ জুন || তেলিয়ামুড়া আর.ডি ব্লকের অন্তর্গত কৃষ্ণপুর বিধানসভা এলাকার মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতে শনিবার চরম উত্তেজনার সৃষ্টি হয়। প্রধানের পদত্যাগের দাবিতে পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় জনতা। পাশাপাশি, ক্ষুব্ধ জনতা তেলিয়ামুড়া-উত্তর মহারানীপুর সড়ক অবরোধে বসে যায়, যার জেরে শতাধিক যানবাহন আটকে পড়ে রাস্তায়।
উল্লেখ্য, বেশ কিছুদিন আগে পঞ্চায়েতের অধিকাংশ সদস্য পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল পঞ্চায়েতের কাজে গাফিলতির অভিযোগে। তবে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ না হওয়ায় এদিন এলাকাবাসী তীব্র অসন্তোষ প্রকাশ করে বিক্ষোভে শামিল হয়।
ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া আর.ডি ব্লকের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্যোগী হয়। পঞ্চায়েত কার্যালয়ে তালা দেওয়ায় সরকারি কর্মচারীরা ঘণ্টার পর ঘণ্টা অবরুদ্ধ অবস্থায় থাকেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির হয় তেলিয়ামুড়ার ডি.সি.এম ও তেলিয়াপাড়া পুলিশ। ডি.সি.এম-এর আশ্বাসে শেষমেষ অবরোধ প্রত্যাহার করে নেয় জনতা এবং তালা খোলা হয় পঞ্চায়েত কার্যালয়ের দরজা।
ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে।
