সাগর দেব, তেলিয়ামুড়া, ২২ জুন || নিজ নির্বাচনী কেন্দ্রের উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে শনিবার তেলিয়ামুড়া পৌর পরিষদের ৯ নং ও ১২ নং ওয়ার্ডের একাধিক নবনির্মিত ড্রেন পরিদর্শন করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক ও তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায়।
এদিনের পরিদর্শনে বিধায়িকার সঙ্গে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলারবৃন্দ ও পৌর আধিকারিকরা। এলাকার ড্রেন নির্মাণের মান ও কাজের অগ্রগতি নিয়ে খোঁজখবর নেন বিধায়িকা।
পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কল্যাণী সাহা রায় বিরোধী দলগুলির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “জনসেবার কাজে সরকার সদা তৎপর। বিরোধীরা অকারণে বিভ্রান্তি সৃষ্টি করছে, জনগণ তার জবাব দেবে।”
স্থানীয় বাসিন্দাদের একাংশ নবনির্মিত ড্রেনের জন্য সন্তোষ প্রকাশ করেছেন।
