আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন || রবিবার রাজধানীর প্রতাপগড় রামঠাকুর আশ্রমে অনুষ্ঠিত হল দিনব্যাপী পূজার্চনা ও নাম সংকীর্তন অনুষ্ঠান। শ্রীশ্রী কৈবল্যধাম আশ্রমের কৈবল্যনাথের সপ্তম মহন্ত মহারাজ কালিপদ ভট্টাচার্য এদিন ভক্তদের উদ্দেশে বলেন, “ভগবত গীতা পাঠ করলে আর অন্য কোনো ধর্মগ্রন্থ পড়ার প্রয়োজন নেই। ভগবত গীতা মানবজীবনের সকল সমস্যার সমাধান দিতে সক্ষম।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় তিনশোরও বেশি ভক্ত। মহন্ত মহারাজ নিজ হাতে সকলের মধ্যে রামঠাকুরের নাম বিতরণ করেন। ভক্তদের মুখে ছিল ভক্তিরস ও আনন্দের ছাপ। প্রতাপগড় রামঠাকুর আশ্রম চত্বরে সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান, পুষ্পাঞ্জলি, হোম যজ্ঞ এবং নাম সংকীর্তন।
আশ্রম কর্তৃপক্ষ জানান, প্রতি বছরই এই বিশেষ দিনে এভাবে নাম বিতরণ ও পূজার্চনার আয়োজন করা হয় এবং ভক্তদের অংশগ্রহণে অনুষ্ঠান বিশেষ সাফল্য পায়।
