‘মায়ের নামে একটি গাছ’: খোয়াই মহাশ্মশানে পুর পরিষদের অভিনব বৃক্ষরোপণ কর্মসূচি

গোপাল সিং, খোয়াই, ২৬ জুন || মায়ের প্রতি শ্রদ্ধা ও পরিবেশ সুরক্ষার এক অনন্য মেলবন্ধন ঘটিয়ে বৃহস্পতিবার খোয়াই পুর পরিষদের উদ্যোগে পালিত হলো “এক পেড় মা কে নাম” কর্মসূচি। পুর পরিষদের বিভিন্ন ওয়ার্ড এলাকার পাশাপাশি ৯নং ওয়ার্ডের অন্তর্গত লালছড়া মহাশ্মশান ঘাট এলাকায়ও বেলা ১১টায় আয়োজিত এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নিজ নিজ মায়ের নামে একটি করে চারা গাছ রোপণ করেন।
এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচিতে নেতৃত্ব দেন খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা। তাঁর সঙ্গে এই মানবিক উদ্যোগে সামিল হন খোয়াই জিলা পরিষদের মাননীয় সদস্য অনুকূল দাস, পুর পরিষদের অন্যান্য সম্মানিত কাউন্সিলরগণ, উপ-মুখ্য কার্যনির্বাহী আধিকারিক, অন্যান্য কর্মচারী এবং এলাকার বিশিষ্ট সমাজসেবীরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন মাতৃত্বকে সম্মান জানানো হচ্ছে, তেমনই পরিবেশকে সবুজ ও নির্মল রাখার একটি আন্তরিক প্রয়াস নেওয়া হয়েছে। উপস্থিত প্রত্যেকেই পুর পরিষদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, এই ধরনের ধারাবাহিক প্রচেষ্টা খোয়াইকে ভবিষ্যতে একটি শান্ত, স্নিগ্ধ ও মনোরম প্রাকৃতিক পরিবেশ উপহার দেবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*