সবুজের বার্তা নিয়ে খোয়াই বেহালাবাড়িতে ৭৬’তম রাজ্য বনমহোৎসব, ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচিতে ব্যাপক সাড়া

গোপাল সিং, খোয়াই, ০১ জুলাই || পরিবেশ সংরক্ষণ এবং বৃক্ষরোপণের বার্তা নিয়ে খোয়াই জেলার বেহালাবাড়ি ভিলেজ কমিটির মাঠে মঙ্গলবার সাড়ম্বরে পালিত হলো ৭৬’তম রাজ্য-ভিত্তিক বনমহোৎসব। রাজ্য বন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ‘এক পেড় মা কে নাম ২.০’ কর্মসূচিরও শুভ সূচনা করা হয়, যা এই মহতী উদ্যোগকে এক নতুন মাত্রা দিয়েছে।
এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসবের শুভ উদ্বোধন করেন রাজ্যের বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উদ্যোগকে সমৃদ্ধ করেন পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ কৃতি দেবী সিং দেব বর্মাণ, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায়, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিধায়ক নির্মল বিশ্বাস, খোয়াই জেলা এসপি রাণাদিত্য দাস এবং টিটিএএডিসি-র বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের এগজিকিউটিভ মেম্বার অনন্ত দেববর্মা।
বক্তারা তাঁদের ভাষণে বলেন, “পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অঙ্গীকার।” তাঁরা বৃক্ষরোপণের গুরুত্ব, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় সম্মিলিত সামাজিক দায়িত্বের উপর জোর দেন।
এই অনুষ্ঠানে উপস্থিত সকলেই ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং একটি সবুজ ও পরিচ্ছন্ন ভবিষ্যৎ গড়ার জন্য একযোগে কাজ করার শপথ নেন। খোয়াই জেলা প্রশাসন এবং অন্যান্য সরকারি দপ্তরের সহযোগিতায় এই অনুষ্ঠানটি সফলভাবে আয়োজিত হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*