ট্রাফিক তল্লাশি চলাকালীনই বিপত্তি, পদ্মবিলে তিন বাইকের সংঘর্ষে আহত ৫

গোপাল সিং, খোয়াই, ০২ জুলাই || খোয়াইয়ের পদ্মবিল এলাকায় ট্রাফিক পুলিশের তল্লাশি অভিযান চলাকালীন এক ভয়াবহ দুর্ঘটনায় তিনটি বাইকের সংঘর্ষে মোট পাঁচজন গুরুতর আহত হয়েছেন। বুধবার দুপুর প্রায় একটা নাগাদ এই ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাফিক পুলিশ যখন এলাকায় বাইক পরীক্ষা করছিল, সেই সময় একটি বাইক দ্রুত মোড় নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর ফলেই সেটি অপর দুটি বাইককে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় তিনটি বাইকের চালক ও আরোহীরা রাস্তায় ছিটকে পড়েন।
ঘটনার পরেই স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহত পাঁচজনকেই উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তাঁদের সকলেরই চিকিৎসা চলছে।
দুর্ঘটনাগ্রস্ত বাইকগুলির নম্বর হলো TR06E7409 এবং TR06A8270। এছাড়া তৃতীয় দ্বিচক্রযানটি একটি নতুন স্কুটি, যার এখনও নম্বর প্লেট বসেনি বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ দুর্ঘটনাটির তদন্ত শুরু করেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*