আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ জুলাই || গতকাল রবিবার ছুটির দিন থাকায় খয়েরপুরের ঐতিহ্যবাহী চতুর্দশ দেবতার খার্চি মেলায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সকাল থেকে রাত পর্যন্ত সর্বস্তরের মানুষ মেলার আনন্দে সামিল হন। দূর-দূরান্ত থেকে দর্শনার্থীদের পাশাপাশি বহু দোকানি ও ক্ষুদ্র ব্যবসায়ী মেলায় অংশ নেন।
মেলা প্রাঙ্গণে দিনভর চলতে থাকে ধর্মীয় রীতিনীতি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেনাকাটার ধুম। সন্ধ্যার পর থেকে মেলায় লোকসমাগম আরও তীব্র হয়ে ওঠে। স্থানীয়দের মতে, এবারের খার্চি মেলায় দর্শনার্থীদের সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় অনেক বেশি।
মেলা কমিটির পক্ষ থেকে খয়েরপুর বিধায়ক রতন চক্রবর্তী মেলার সাত দিনের আয়োজন এবং এর সাংস্কৃতিক ও ধর্মীয় গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। তিনি জানান, “এই মেলা শুধুমাত্র ধর্মীয় আচার-অনুষ্ঠান নয়, রাজ্যের সংস্কৃতি, ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীকও বটে।”
মেলার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যায়। আগামী কয়েক দিনেও মেলায় ভিড় আরও বাড়বে বলেই আশা করা হচ্ছে।
